বাগাতিপাড়ায় দীর্ঘদিনের জমি বিরোধের অবসান, সালিশে মিলল দুই পরিবারের সমঝোতা

তৌফিকুল ইসরাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের কাকফো গ্রামে দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধ অবশেষে মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে। স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এই বিরোধের সমাধানে এগিয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শাখা ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জিগোরী বাজারে অনুষ্ঠিত দীর্ঘ সালিশি বৈঠকে উভয় পক্ষের বক্তব্য ধৈর্যসহকারে শোনা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, থানা সহসভাপতি মো. হায়দার রশিদ সোনা, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহাতাব উদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সালিশি বৈঠকের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাহাতাব উদ্দিন। তার দক্ষ পরিচালনা ও উপস্থিত নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় বহুদিনের জটিল এই বিরোধের অবসান ঘটে।

এই মীমাংসার ফলে দুই পরিবারের মধ্যে নতুন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা হয়েছে। দীর্ঘদিনের বিরোধের অবসানে এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং উভয় পরিবারই সন্তোষ প্রকাশ করে।

স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সমস্যার সমাধানে নেতৃবৃন্দকে একইভাবে এগিয়ে আসতে হবে। তারা জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *