শাহারিয়ার হোসেন, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে তিন দিনব্যাপী ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বারটানের আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে এবং বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বারটানের সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্দু রায় ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী।
দ্বিতীয় দিনের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমান। কর্মশালাটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত সাদিয়া শারমিন।
প্রশিক্ষণে ফলিত পুষ্টির বিভিন্ন দিক, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং পুষ্টির মান উন্নয়নে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পুষ্টিবিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টিসম্মত জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ফলিত পুষ্টি বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্বাস্থ্য ও উন্নত পুষ্টিমান নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
