বস্তুনিষ্ঠ ডেস্ক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী জেনিথ লাইফের জীবন বীমা সুরক্ষার আওতায় আসবেন।
চুক্তি অনুযায়ী, কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারীর স্বাভাবিক মৃত্যু হলে তাঁর নমিনি বীমাকৃত ব্যক্তির ৩৬ মাসের বেতনের সমপরিমাণ অর্থ পাবেন। আর দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনি পাবেন ৭২ মাসের বেতনের সমপরিমাণ অর্থ।
সম্প্রতি রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (গ্রেড-২) জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাদের কিবরিয়া এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা বুলবুল আহমেদ।
জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন এসভিপি (কাস্টমার সার্ভিস), ঢাকা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এএমডি (উন্নয়ন) মোঃ নাহিদুল ইসলাম, ডিজিএম (উন্নয়ন) মোঃ রুহুল আমিন ও মোঃ ইব্রাহিম সেলিম রেজা এবং এজিএম (উন্নয়ন), রাজশাহী মোঃ তৌফিকুর রহমান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ গ্রুপ বীমা চুক্তি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তাঁর পরিবারের জন্য নির্ধারিত আর্থিক সহায়তা নিশ্চিত হওয়ায় এ উদ্যোগ তাঁদের পরিবারকে সুরক্ষা দিতে সহায়ক হবে।
