নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর গ্রামের বাসিন্দা আসাদুলের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। এসময় ঘরের ভেতরে থাকা ছোট্ট শিশুকে রক্ষা করতে গিয়ে আসাদুলের স্ত্রী নাজমা বেগম মারাত্মকভাবে দগ্ধ হন। তার মুখমণ্ডল পুড়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে রান্নাঘরসহ একটি বসতঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘরে মজুত থাকা রসুন, পেঁয়াজসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।” তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
