বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

মোঃ তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আবারও সক্রিয় ভূমিকা রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়। সর্বশেষ অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে সংস্থাটির একটি চৌকস টিম। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান সম্পর্কে সংস্থাটির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন-এর নির্দেশনায় উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে ফাগুয়ারদিয়াড় গ্রামের আইজ উদ্দিনের ছেলে আমির চান (৩৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২১ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড) প্রদান করা হয়।

এছাড়া দয়ারাপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামের আলাউদ্দিনের ছেলে মাহাবুর রহমান (৪০)-কে একই আইনের ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড) প্রদান করা হয়।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি। কারও কাছে মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় প্রশাসনের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে সচেতন মহল মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *