বাগাতিপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

 তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

আন্তর্জাতিক ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১লা মে) সকালে আয়োজিত র‍্যালিটি মালঞ্চি রেলগেট এলাকা থেকে শুরু হয়ে স্থানীয় বাজার ও উপজেলা সদর প্রদক্ষিণ করে পুনরায় রেলগেট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শ্রমিকবান্ধব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি নূর মো: ওয়াহিদুজ্জামান নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: হাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি মো: হায়দার রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি মো: রেজাউল করিম, বাগাতিপাড়া ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ফাগুয়াদিয়ার ইউনিয়ন সভাপতি মো: বাবু এবং উপজেলা মহিলা দলের সদস্য সচিব আইভি আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শ্রমিকদের মধ্যে নতুন করে অধিকার সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *