বাগাতিপাড়ায় নিরাপদ স্বাস্থ্যসেবা ও আইনগত সুরক্ষার দাবিতে মানববন্ধন

মো: তৌফিকুল ইসলাম পল্লব , বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আইনগত সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইউএইচএফপিও ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক। তিনি বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর বিনা কারণে বর্বরোচিত হামলার ঘটনা বেড়ে চলেছে। কোনো রোগী হাসপাতালে এসে মারা গেলে সেটি সবসময় চিকিৎসকদের অবহেলার কারণে হয় না।
তিনি আরও বলেন, ক্রমবর্ধমান রোগীর চাপে ১০০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। অনেক সময় রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের সহিংস ঘটনায় জড়িয়ে পড়েন। রোগীর স্বজন ও চিকিৎসক উভয়েরই সহনশীল হওয়া প্রয়োজন।
ডা. রেজানুল হক বলেন, কোনো ডাক্তারই রোগীর শত্রু নয়। আমরা জনগণকে স্বাস্থ্যসেবা দিতে এসেছি। চিকিৎসক ও নার্সরা সবসময় রোগীকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেন। সকল প্রচেষ্টার পরও যখন কোনো রোগী মারা যান, তখন আমরাও ব্যথিত হই।
মানববন্ধনে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *