এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য
তৌফিকুল ইসলাম পল্লব (বাগাতিপাড়া, নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব যোগীপাড়া গ্রামে চোর ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শফি (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রোববার (১ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গ্রামের নজরুল ইসলামের বাড়িতে চুরির চেষ্টাকালে এ ঘটনা ঘটে। আহত শফি পূর্ব যোগীপাড়া গ্রামের শোয়েব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান ঘুমন্ত অবস্থায় হঠাৎ তীব্র স্প্রের গন্ধ অনুভব করেন। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পর সন্দেহ হলে ঘরের চারপাশ পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে জানালার দিকে তাকিয়ে তিনি গ্রিলের ওপারে খালি গায়ে এক অজ্ঞাত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করলে ওই ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
নাজমুলের চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠেন। এ সময় প্রতিবেশী মোহাম্মদ শফি সাহসিকতার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন। তবে ধরা পড়ার আশঙ্কায় অভিযুক্ত ব্যক্তি তার কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শফির ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
আহত অবস্থায় মোহাম্মদ শফিকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। একজন কর্মকর্তাকে ঘটনাস্থল তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
চোর ধরতে গিয়ে এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
