তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘুঘু, কৃষক দলের বাগাতিপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব এবং ছাত্রদল নেতা কেএম তারেকুজ্জামান সম্রাট।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের ঘোষিত “২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আত্থাফুন নেছা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে না, বরং অক্সিজেন সরবরাহ, মাটি সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর। তারা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি বিদ্যালয় ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
বাগাতিপাড়ায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
