দুই দফা দাবিতে নাটোর সুগার মিলসে শ্রমিক-কর্মচারীদের গেট মিটিং

নাটোর প্রতিনিধি:
দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর সুগার মিল চত্বরে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে এ গেট মিটিং অনুষ্ঠিত হয়।

গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আইযুব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদসহ মিলের শ্রমিক ও কর্মচারীরা।

বক্তারা বলেন, দেশের সকল চিনিকলে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তুলতে মৌসুমি জনবলের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী শূন্য পদে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধার ১৫ শতাংশ অর্থ পে কমিশনের ন্যায় মজুরি কমিশনের আওতাধীন শ্রমিকদেরও একই তারিখ থেকে কার্যকর করতে হবে।

তারা আরও দাবি জানান, আগামী জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ জুলাই ২০২৬ থেকে জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দুই দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত কঠোর আন্দোলন ও কর্মসূচি নাটোর সুগার মিলসহ দেশের সকল চিনিকলে পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *