তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া, (নাটোর) সংবাদদাতা :
নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে যৌতুক, বাল্যবিবাহ, মানব পাচার, অটিজম, ইভটিজিং, যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যৌতুক, বাল্যবিবাহ, মানব পাচার, ইভটিজিং, যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগই নয়, সর্বস্তরের মানুষের সচেতনতা ও সামাজিক অংশগ্রহণও জরুরি।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন, সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সন্ধ্যার পর সন্তানদের অপ্রয়োজনে বাইরে না রেখে পড়াশোনায় মনোযোগী করতে হবে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবারের সদস্যদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপেরও আহ্বান জানান তিনি।
এ সময় জনপ্রতিনিধি হাফিজুর রহমান বলেন, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা সমাজে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
