মানসিক সুস্থতা ও আত্মোন্নয়নের বার্তায় অনুষ্ঠিত ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন-২০২৬’

বস্তুনিষ্ঠ নিউজ ডেস্ক:
আত্মউন্নয়ন, মানসিক সুস্থতা এবং ইতিবাচক জীবনদর্শনের বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন-২০২৬’। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মেছবাহ উদ্দিন-এর নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি। তিনি বলেন, ব্যক্তি ও সমাজের টেকসই উন্নয়নের জন্য মানসিক সুস্থতা, ইতিবাচক চিন্তা এবং নৈতিক মূল্যবোধের বিকাশ অপরিহার্য। তাঁর মতে, আত্মবিশ্বাস ও আত্মউন্নয়নমূলক চর্চা একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন বইটি মানুষের নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন বর্তমান সময়ে মানসিক চাপ মোকাবিলা, সুস্থ জীবনযাপন এবং ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের আয়োজক ও লেখক ড. মেছবাহ উদ্দিন বলেন, বর্তমান সময়ে তথ্যের অভাব নয়, বরং অতিরিক্ত তথ্য ও অপ্রয়োজনীয় চিন্তার চাপ মানুষের বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। তাঁর ভাষায়, ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটি চিন্তার সঙ্গে যুদ্ধ করার নয়, বরং চিন্তাকে সঠিকভাবে পরিচালনার একটি বাস্তবধর্মী দিকনির্দেশনা। তিনি আরও জানান, ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক ও পেশাগত সুস্থতা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে মাস্টার কোচ অ্যাক্সেলারেটর (এমসিএ) প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয় এবং ড. মেছবাহ উদ্দিনের মেন্টরশিপে নতুন ছয়জন লেখকের ছয়টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে আত্মোন্নয়ন, নেতৃত্ব বিকাশ, মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যক্তিগত সাফল্য অর্জনের নানা কৌশল নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারী, প্রশিক্ষক, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *