তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় দলের নেতাকর্মীদের বিভিন্ন সাংগঠনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন, সাবেক সহ-সভাপতি মো. হায়দার রশিদ সোনা, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. জাফর আহমেদ, ছাত্রদল নেতা মো. তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই অসাধু ডিলার বা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। তিনি সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আরও বলেন, এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনসম্পৃক্ত কর্মকাণ্ড জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
