পাকা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে অনিয়মে কঠোর হুঁশিয়ারি দিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন

মো: তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের মতামত গ্রহণ এবং কৃষকসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মিলন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক নেতা মো. হায়দার রশিদ, পাকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইমদাদুল হক দুলু এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম হোসেন।
সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের দীর্ঘদিনের অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, নির্বাচনের পর ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেননি। এছাড়া সরকারি নির্ধারিত ডিলারের কাছ থেকে কৃষকরা প্রয়োজনীয় সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে অধিক মূল্যে সার কিনছেন, ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তব্যে নেকবর হোসেন বলেন, “দীর্ঘদিন বিএনপি রাষ্ট্র পরিচালনার বাইরে ছিল। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই দলীয় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
প্রধান অতিথি মো. মোশারফ হোসেন বলেন, সরকার পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্যকার্ড কার্যক্রম বাস্তবায়ন করবে এবং দেশের সকল মানুষকে এর আওতায় আনা হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এসব কার্ড করে দেওয়ার নামে বিএনপির কোনো নেতাকর্মী যদি কারও কাছে অর্থ দাবি করেন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ব্যক্তিস্বার্থ নয়, জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম, সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব তৃণমূল নেতাকর্মীদেরই নিতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *