বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ট্যাক্স আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে গতিশীল রাখতে নিয়মিত ট্যাক্স আদায় গুরুত্বপূর্ণ। জনগণের কাছ থেকে আদায়কৃত ট্যাক্স যথাযথভাবে জনকল্যাণ ও স্থানীয় উন্নয়ন কাজে ব্যবহারের বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এলাকায় মাদক, কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং সামাজিক অস্থিরতা প্রতিরোধে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশিদ সোনা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী আইভি আক্তার, ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমজান আলী ফাকন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আব্দুল বারি, ক্যাব সভাপতি ও বাগাতিপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি তারিকুল ইসলাম তরু, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার আলী, উপজেলা ছাত্রদলের নেতা তারিক আজিজ, বিএনপি নেতা জাফর আহমেদ, রফিকুল ইসলাম ঘুঘু, আন্তাজ আলী, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, ট্যাক্স আদায়ে জনসম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
বাগাতিপাড়া ইউনিয়নে ডেঙ্গু-মাদক প্রতিরোধ ও ট্যাক্স আদায় নিয়ে মতবিনিময়
