নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ঐতিহাসিক বড়বাঘা মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ প্রাঙ্গণে ঈদ উপলক্ষে উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য “ঈদ আনন্দ মেলা”। বৃহস্পতিবার বিকেলে এক উৎসবমুখর পরিবেশে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়বাঘা পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন বাদশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যকে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, যুবদল নেতা তরিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা কাজেম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।
আয়োজকরা জানান, আগামী ২১ মার্চ থেকে শুরু হয়ে টানা ১০ দিনব্যাপী চলবে এই মেলা। এতে থাকবে বিভিন্ন আকর্ষণীয় স্টল, স্থানীয় পণ্যের প্রদর্শনী, গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার, শিশুদের জন্য বিনোদনমূলক আয়োজন ।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সেক্রেটারি আলাউদ্দিন বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, বিনোদন ও স্থানীয় সংস্কৃতিকে একত্রে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন, যা স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসীর মতে, এই মেলা শুধু একটি উৎসব নয়, বরং একটি ঐতিহ্যের ধারক। অনেকের বিশ্বাস, এই আয়োজনের ইতিহাস কয়েক শত বছর পুরোনো।
প্রায় শতবর্ষী তাছিমুদ্দিন বলেন, “আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই মেলার গল্প শুনেছি। ঠিক কত’শ বছর আগে শুরু হয়েছে বলা কঠিন, তবে এটি আমাদের এলাকার গর্ব।”
সার্বিকভাবে, বড়বাঘার ঈদ আনন্দ মেলা এখন শুধু ধর্মীয় উৎসবকে ঘিরেই সীমাবদ্ধ নয়; এটি হয়ে উঠেছে সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের এক অনন্য মিলনমেলা। আয়োজক কমিটি সকলকে সপরিবারে উপস্থিত থেকে এই ঐতিহ্যবাহী আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।
তৌফিকুল ইসলাম পল্লব
বাগাতিপাড়া প্রতিনিধি
