মানবতার সেবায় ‘বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা।’

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক:

“মানবাতার সেবায়, সমাজের কল্যানে” এই চিরন্তন মানবিক দর্শনকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা। সমাজের নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন শিশু, নারী, প্রবীণসহ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজাওয়ানুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজেম উদ্দিন, স্থানীয় নেতা রফিকুল ইসলাম (ঘুঘু), আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংস্থার সভাপতি আব্দুল মজিদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা ভবিষ্যতে জরুরি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুনুর রশিদ এবং রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছা. সাইমা ইসলাম

ক্যাম্পে আগত অনেকেই জানান, অর্থাভাবে নিয়মিত চিকিৎসা নিতে না পারলেও এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক। বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা, রক্তদান, সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।”

বাগাতিপাড়া উপজেলার তমালতলা, বড়বাঘা রোডের এম.এস. ভবনের নিচতলায় অবস্থিত বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ফ্রি মেডিকেল ক্যাম্প সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল উদাহরণ, যা স্থানীয় মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসকের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি সচেতন মানুষের অংশগ্রহণেই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। বাগাতিপাড়ায় বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ সেই বার্তাকেই আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *