মো: তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া ( নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
আলোচনা সভায় বক্তব্যে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। দেশ যেন আর কখনও স্বৈরশাসনের পথে ফিরে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভব সিন্ধু রায়, উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌতম চৌধুরী এবং বাগাতিপাড়া পৌর বিএনপি নেতা জামাল উদ্দিন।
এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা জামান ইবনে ফাইজুল কবির, ক্যাব সভাপতি মো. আব্দুল মজিদ, এনসিপি নেতা আরিফুল ইসলাম তপু, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, সাংবাদিক ফজলুর রহমান, যুবদল নেতা আবু রায়হান ও ছাত্র নেতা প্রান্ত উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
