গোলাম মাওলা সাগর, নাটোর:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাটোরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল পাঁচটায় শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক, দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়।
লিফলেট বিতরণকালে জোটের নেতারা অভিযোগ করেন, জনগণের গণভোটের প্রত্যাশাকে উপেক্ষা করে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাদের দাবি, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ একই সঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।
নেতারা আরও বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের ৭৭ জন প্রতিনিধি শপথ গ্রহণ করলেও সরকার গণভোট প্রত্যাখ্যান করেছে এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করছে।
বক্তারা অভিযোগ করেন, সরকার বিচার বিভাগ, প্রশাসন এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করার চেষ্টা করছে। পাশাপাশি বিরোধী মত দমনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন।
লিফলেটে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং আর্থিক অনিয়মের বিষয়গুলোও তুলে ধরা হয়। একই সঙ্গে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে গণভোট বাস্তবায়ন এবং নিজেদের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা নায়েবে আমির ড. মীর নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম, সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইখতিয়ার শাওন, শিবিরের জেলা সেক্রেটারি রনি এবং ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
