গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি:
নাটোরে আয়োজিত ব্র্যাকের এডভোকেসি সভায় বলা হয়েছে দেশের ৭৬ভাগ নারী জীবনে একবার হলেও যৌন হয়রানীর শিকার হয়। তবে এর মধ্যে ৬৪ভাগ নারী সম্মান যাওয়ার ভয়ে যৌন হয়রানীর কথাটি কারো কাছে শেয়ার করেন না, বা কখনো বিচার চান না। সোমবার নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম-ব্র্যাক আয়োজিত এই অনুষ্ঠানে এসব তথ্য দেয়া হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার হাসনা বানু অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করেন। ব্র্যাকের নাটোর জেলা সমন্বয়কারী মোঃ হাসিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর সদর থানার ওসি তদন্ত মাজেদুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, আলোর নির্বাহী শামীমা লাইজু নীলাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। বক্তারা নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরালোকরণে বিভিন্ন দিক তুলে ধরেন। সমাজ থেকে নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা দূর করতে আইনের আরো শক্ত প্রয়োগ ও দেশের মানুষকে যার যার অবস্থান থেকে সচেতন করার বিষয়ে সকলে গুরুত্বারোপ করেন।
যৌন হয়রানির শিকার হলেও নীরব থাকেন ৬৪ শতাংশ নারী
