লালপুর (নাটোর) প্রতিনিধি :
শনিবার (৪এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী – বাঘা সড়কে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুলের টিফিনের সময় ইয়ামিনসহ কয়েক জন শিক্ষার্থীরা গৌরীপুর মোড়ে আইসক্রিম কেনার জন্য দোকানে যাওয়ার সময় রাস্তা পারাপারেরস ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দিলে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকতিয়ারুল ইসলাম জানান, রমজান মাস জুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই মোতাবেক আজ শনিবার প্রথম দিন গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু ছিল। দুপুর ১টা থেকে ১টা ৫০মিনিট পর্যন্ত টিফিন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা টিফিন খেতে বের হয়। এসময় ইয়ামিন সহ কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হওয়ার মুহূর্তে ট্রাকের চাপায় ইয়ামিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট শিক্ষার্থীর লাশ হস্তান্তর করা হয়।
