
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর):
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণের উৎসবকে ঘিরে পুরো উপজেলা হয়ে ওঠে প্রাণবন্ত।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
এছাড়া র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ‘নিজেরা করি’ উপজেলা শাখার সদস্য এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি রূপ নেয় এক মিলনমেলায়। নানা রঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে তুলে ধরেন।
পরে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পান্তা উৎসবে অংশ নেন। পান্তা-ইলিশসহ বিভিন্ন গ্রামীণ খাবারের আয়োজনে উৎসবের আনন্দ আরও বাড়ে।
উপজেলা প্রশাসনের এই আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।
