বাগাতিপাড়ায় ১১ হাজার শিশুকে টিকার আওতায় আনতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে একযোগে পুরো উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, এমওডিসি ডা. মোঃ আবু নওয়াজ আল নাহিদসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কার্যদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। এ কর্মসূচির আওতায় ১১ হাজার ৩৪৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার ১২০টি অস্থায়ী কেন্দ্র ও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়মিত টিকাদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক জানান, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি সকল অভিভাবককে নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *