বাগাতিপাড়ায় গোপন অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে খোরশেদ আলমের ছেলে একাববর (৫৩)কে গাঁজাসহ আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাববরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। কারও কাছে মাদক সংক্রান্ত তথ্য থাকলে তা প্রশাসনকে জানাতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *