গোলাম মাওলা সাগর, নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নাটোর জেলা আমীর ড. মীর নূরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সাদেকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ইউনুস আলী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দাওয়াতি কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে হবে এবং বিগত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।
সভাপতির বক্তব্যে ড. মীর নূরুল ইসলাম বলেন, নাটোর জেলায় ৫২টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সংগঠনকে আরও মজবুত করতে দায়িত্বশীলদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান।
সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
