নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নলডাঙ্গা উপজেলার পীরগাছা বাজারে প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদকৃত এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।
অভিযুক্ত মো. মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো ‘মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ’-এর মালিক। অভিযানে তার কাছ থেকে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল মজুদ অবস্থায় জব্দ করা হয়।
তদন্তে জানা যায়, তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
চেয়ারম্যান জানান, জব্দকৃত পেট্রোল ও ডিজেল সাধারণ মোটরসাইকেল চালক ও কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
