বাগাতিপাড়ায় সেলাই মেশিন, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করলেন-প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী, বাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়িত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত পরিবার, নারী, শিক্ষার্থী ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদানের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, সরকারের দেওয়া সহায়তাগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এসব সহায়তা বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, কৃষি উপকরণ ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, সেলাই মেশিন বিতরণের ফলে অনেক নারী ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে কৃষি উপকরণ ও অন্যান্য সহায়তা স্থানীয় জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা তাদের লেখাপড়ায় উৎসাহ জোগাবে এবং ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ চৌধুরী, মোহাম্মদ নেকবর হোসেন এবং হায়দার রশীদ সোনা।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অতিথি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” পরিদর্শন করেন।

স্থানীয়দের মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *