জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা-এর ধরঞ্জী ইউনিয়নের মধ্য বাগুয়ান গ্রামে পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে গ্রামের শতাধিক মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় দীর্ঘদিন ধরে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি বের হতে না পারায় চলাচলের প্রধান সড়কে হাঁটুসমান পানি জমে থাকে। এতে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা রেশমা বেগম বলেন, “সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। নোংরা ও দূষিত পানির মধ্যে চলাচল করতে গিয়ে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগও ছড়িয়ে পড়ছে।”
একই গ্রামের মিজানুর রহমান জানান, সমস্যার সমাধানে একাধিকবার গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হলেও ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা নিয়ে সমঝোতা না হওয়ায় কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে অভিযুক্তদের একজনের পরিবারের সদস্য দেলোয়ারা বেগম বলেন, “পানি প্রবাহের কারণে জমির মাটি ধুয়ে যাচ্ছিল। তাই পথটি বন্ধ করা হয়েছে। মাটির নিচ দিয়ে পাইপ বসানো হলে পানি সহজেই চলাচল করতে পারবে।”
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, “গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হয়েছে। তবে ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা দিতে হবে। জায়গা পাওয়া গেলে বরাদ্দ সাপেক্ষে দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
এদিকে, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ছে।
স্থানীয়দের মতে, যথাযথ ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ পুনরুদ্ধার করা গেলে এ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।
