তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও নিম্ন আয়ের ১০০টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘুঘু, বাগাতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব, ছাত্রদল নেতা কেএম তারেকুজ্জামান সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচি চলাকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার সাজেদুর রহমান। তাঁর উপস্থিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উপকারভোগীদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের সহায়তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারের দুঃসময়ে কিছুটা স্বস্তি এনে দেয়। ভবিষ্যতেও প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বাগাতিপাড়া ইউনিয়নে দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
