তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সরোয়ার মোর্শেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষক-অভিভাবক সমন্বয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভা শেষে বক্তারা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীরা যেন নিয়মিত বিদ্যালয়ে আসে, সময়মতো শ্রেণিকক্ষে উপস্থিত থাকে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সে বিষয়ে শিক্ষকদের নিবিড়ভাবে তদারকি করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন তিনি।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত রেজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, ক্যাব সভাপতি আব্দুল মজিদ, সাংবাদিক ফজলুর রহমান এবং প্রধান শিক্ষক শাহাদত হোসেন।

এর আগে জেলা প্রশাসক আসমা শাহীন বাগাতিপাড়া মডেল থানা, বাগাতিপাড়া পৌর ভূমি অফিস, গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামনগর ইউনিয়নের খননকৃত খাল, পাকা কমিউনিটি ক্লিনিক এবং পাকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে পাকা ইউনিয়ন পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন তিনি।
