মাদকবিরোধী অবস্থানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন
মো. তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে অনুষ্ঠিত সভায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, “জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মাদক বিক্রেতাদের কোনো দল বা পরিচয় নেই। সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে এগিয়ে এসে মাদক কারবারিদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “যারা প্রকৃতভাবে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, তাদেরই এ সুবিধা নিশ্চিত করতে হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্য কার্ড চালু হলে সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।”
তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন বলেন, জুলাই আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মন্টু বলেন, “সোনাপুর বাজারে একসময় জুয়া ও মাদকের বিস্তার ছিল। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা তা অনেকাংশে প্রতিহত করতে সক্ষম হয়েছি।” তিনি এলাকায় সরকারি মার্কেট, ভূমি অফিস ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানান।
এ সময় ছাত্রদল নেতা হুমায়ুন কবির প্রান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
