বাগাতিপাড়া মডেল থানা পরিদর্শনে রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মো. শামীম হোসেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি থানাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)-কে স্বাগত জানান। পরে থানার একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে অ্যাডিশনাল ডিআইজি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং দাপ্তরিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে তিনি থানার দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের সেবার মান উন্নয়নের বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাসসহ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনগণকে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *