নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নাটোর  প্রতিনিধি :

নাটোর জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।


অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকলে শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা অর্জিত হয়। ফলে পড়াশুনায় মনোনিবেশ করা অনেক সহজ হয়। জেলার সকল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে সচল করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহন করছে।
জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী এবং জেলা ক্রীড়া সংস্থা’র সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী।
দলগত ইভেন্টে কাবাডি ও হ্যান্ডবল এবং একক ইভেন্টে দাবা ও সাঁতার প্রতিযোগিতা  অনুষ্ঠিত হচ্ছে। দুইদিনের প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিজয়ী টিম ও শিক্ষার্থীরা অংশগ্রহন করছেন। জেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *