লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে ওবায়দুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ওবায়দুল ইসলাম লালপুর উপজেলার চক বাদেকুলপাড়া গ্রামের রনজিত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার দিবাগত রাত ১টার দিকে চক বাদেকুলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওবায়দুল ইসলামের টিনশেড ভবনের কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ওবায়দুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
