শীতার্তদের পাশে “বন্ধু কল্যাণ সংস্থা”

শীতার্তদের পাশে “বন্ধু কল্যাণ সংস্থা”

 

শাহারিয়ার হোসেন, বাগাতিপাড়া  (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু কল্যাণ সংস্থা (বিকেএস)। সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি দেখা যায়।

বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মজিদ বলেন, “সংস্থার বিভিন্ন কর্মসূচির মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অন্যতম। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে চাই। সে লক্ষ্যেই সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ মানুষের বাড়িতে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি।”

এদিকে বন্ধু কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, নাটোর জেলা শাখার সংগঠক ও রাজশাহী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, নাট্যকার অলোক কুমার মৈত্র।

তিনি বলেন, “একজন মানুষের পক্ষে একটি জনগোষ্ঠীর সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। বন্ধু কল্যাণ সংস্থাও হয়তো অনেক মানুষকে ছাগল, টিন কিংবা শীতবস্ত্র দিতে পারবে না। কিন্তু স্বল্প পরিসরে হলেও এ ধরনের মানবিক কাজ করলে কিছু মানুষের উপকার হয়। এর মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব ও মমত্ববোধ তৈরি হয়। অন্যরাও মানবিক কাজে উদ্বুদ্ধ হন। ফলে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে এবং ভালো কাজের প্রবণতা তৈরি হয়। আমি এ ধরনের ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই।”

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *