দয়ারামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলে নেতাকর্মীরা।

লিটন আলী, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেছে দয়ারামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপির নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলের সভাপতিত্ব করেন দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমান সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল মন্টু, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হায়দার আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহান গাফফারী, সাংগঠনিক সম্পাদক রজব আলী, বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনসার আলী মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য আরিফ সরকার এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন পলাশ।

এ ছাড়া দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিলটি দয়ারামপুর ইউনিয়ন বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *