তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা :
“তরুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জরুরি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা
পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মা স্বাস্থ্যসেবা কেন্দ্রের (এনএসএস), এসএমসি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারায় বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থেকে দেশ পিছিয়ে রয়েছে। একই সঙ্গে বিদেশ থেকে দক্ষ জনশক্তি আনতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের বস্তি এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি যুবসমাজকে মোবাইল আসক্তি, মাদক ও জুয়া থেকে দূরে রাখতে পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
