তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় নকিম উদ্দিনের বাড়ি থেকে মাদরাসা, ঈদগাহ, কবরস্থান ও পশ্চিমপাড়া মসজিদমুখী গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ২০০ মিটার অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ওই অংশ দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় মাদরাসা, ঈদগাহ ও কবরস্থানে যেতে এলাকাবাসীকে প্রায় ২ কিলোমিটার ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবরস্থান সংলগ্ন সড়কের একটি বড় অংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে গেছে। সড়কের এক পাশে রয়েছে পশ্চিমপাড়া মসজিদ এবং অন্য পাশে পুকুর। ফলে রাস্তার ভাঙন অব্যাহত থাকায় মসজিদটিও ঝুঁকির মধ্যে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
নূরপুর মালঞ্চি এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী, বাগাতিপাড়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি পারভেজ সাজ্জাদ হোসেন সরকার (বাচ্চু) বলেন,
“মসজিদের পাশের যে অংশটি ভেঙে পুকুরে চলে গেছে, সেটি দ্রুত সংস্কার না করলে মসজিদটিও ক্ষতিগ্রস্ত হবে। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের জোর দাবি জানাচ্ছি।”
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা বলেন,
“এই সড়কের সঙ্গে ঈদগাহ মাঠ, কবরস্থান ও মাদরাসার যোগাযোগ রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।”
সম্প্রতি সড়কের একাংশে এইচবিবি (HBB) করণ কাজের উদ্বোধন উপলক্ষে সরেজমিনে গিয়ে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন,
“এখানে না এলে বোঝাই যেত না রাস্তার অবস্থা কতটা খারাপ। এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ কবরস্থানে লাশ নিয়ে আসে। রাস্তার দুই পাশ এমনভাবে ভেঙে গেছে যে পাশাপাশি দুইজন মানুষও হেঁটে যেতে পারে না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন,
“সড়কটির অবস্থা খুবই নাজুক। মাত্র ২০০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসীকে প্রায় ২ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এমনকি জানাজা ও দাফনের সময় লাশের খাটিয়া নিয়ে পাশাপাশি হাঁটারও সুযোগ নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা এই রাস্তার দুরবস্থার কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বৃষ্টি মৌসুমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তারা দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানান।
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন জানান,
“নূরপুর পশ্চিমপাড়ার এই রাস্তা একসময় একটি নালা ছিল। এলাকাবাসীর সহযোগিতায় সেটি রাস্তায় রূপান্তরিত হয়। কোথাও ৫০ ফুট, কোথাও ৩০ ফুট প্রশস্ত এই সড়ক দিয়ে নূরপুর মালঞ্চির পশ্চিমপাড়া, মোল্লাপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঈদগাহ, গোরস্থান ও মাদরাসায় যাতায়াত করেন। কিন্তু বর্তমানে ভাঙনের কারণে অনেক স্থানে রাস্তার প্রস্থ ৫০ ফুট থেকে কমে ৫ ফুটেরও নিচে নেমে এসেছে। তাই দ্রুত সংস্কার অত্যন্ত জরুরি।”
এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ এবং ঝুঁকি। স্থানীয়রা দ্রুত বরাদ্দ নিশ্চিত করে সড়কটি পুনর্নির্মাণ ও স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
