বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন

তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলে তাঁর দ্রুত বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। তাদের ব্যানারে লেখা ছিল, “বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁচাও” এবং “শিক্ষাঙ্গনে অত্যাচার আর নয়, আর নয়”।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী শিক্ষিকা মোছাঃ ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মানসিকভাবে হেনস্তা করে আসছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ভীতি সৃষ্টি হচ্ছে এবং তাদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।


বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ ও আনন্দময় শিক্ষার স্থান। সেখানে কোনো শিক্ষকের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট শিক্ষিকার অন্যত্র বদলির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকা মোছাঃ ফরিদা ইয়াসমিনের বক্তব্য নিতে ফোন দেওয়া হলে প্রশ্ন শুনে কেটে দেন।
এদিকে, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *