রংপুরের ভ্যাট কমিশনারের বিরুদ্ধে সাংবাদিকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি:

রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদে সরব হয়ে উঠেছে রংপুরের সাংবাদিক সমাজ। এরই আলোকে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। রোববার (২৬ এপ্রিল) বেলা ১২ টায় রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও বদরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগাছা, পীরগঞ্জ, কাউনিয়া, গঙ্গাচড়া, হারাগাছ ও রংপুর সদর প্রেসক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জানা যায়, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)’র সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে অসৌজন্যমূলক আচরণের শিকার হন। এ ঘটনায় রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কর্মসূচিতে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সভাপতি লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে ও আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, আরপিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বখতিয়ার রহমান, তারাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লেবু, বদরগঞ্জ প্রেসক্লাবের সদস্য রিয়াদ ইসলাম।

এছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, জাতীয় সাংবাদিক সংস্থা তারাগঞ্জের সভাপতি খায়রুল আলম বিপ্লব, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অসৌজন্যমূলক আচরণ শুধু নিন্দনীয়ই নয়, বরং তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদার ওপর সরাসরি আঘাত। তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করেন তাদের প্রতি অসম্মানজনক আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক ঘটনাটি সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সাংবাদিকরা মানববন্ধনে বলেন, আমরা দায়িত্ব পালন করতে গিয়ে যদি হয়রানি ও অসম্মানের শিকার হই, তাহলে সত্য তুলে ধরা কঠিন হয়ে পড়বে। এ ধরনের আচরণের বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। সরকারি দায়িত্বে থেকে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমরা কোনো আপস করবো না। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এই ঘটনার সঠিক তদন্ত না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সাংবাদিক সমাজ অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ২৪ ঘন্টার সময় সীমা বেধেঁ দেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিতের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে রংপুরের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *