নলডাঙ্গায় শ্রমিক দিবস উপলক্ষে লিফলেট বিতরণ

নলডাঙ্গা প্রতিনিধি :
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় লিফলেট বিতরণ ও শ্রমিক অধিকার বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে ড. জিয়াউল হক জিয়া বলেন, ১৮৮৬ সালের ৩ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি এবং চাকরির নিরাপত্তার দাবিতে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনে পুলিশি হামলায় বহু শ্রমিক নিহত ও আহত হন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় বিশ্বজুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার হয় এবং পরবর্তীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায়।
তিনি আরও বলেন, ১৩৯ বছর পেরিয়ে গেলেও শ্রমিকদের অনেক মৌলিক দাবি আজও পূরণ হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি এবং রাষ্ট্র পরিচালনায় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য সংরক্ষিত আসন রাখার দাবিও পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মোঃ আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ জিয়ারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে স্থানীয় শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *