স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

 স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী আশরাফুল ইসলামকে (৩৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশরাফুল ইসলাম পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি বাসের সহকারী। তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুরে থাকেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন আশরাফুল। তবে মাঝেমধ্যেই প্রথম স্ত্রীর কাছে যেতেন তিনি। তা নিয়েই দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, সেই বিরোধের জেরেই শনিবার ভোররাতে রেখা খাতুন ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আহত আশরাফুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন রয়েছেন।

ওসি আরও জানান, প্রথম স্ত্রী রিমা খাতুনের দায়ের করা মামলায় অভিযুক্ত রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *