নাটোর প্রতিনিধি :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবারের স্থানীয় সরকার নির্বাচন আরও অবাধ ও স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুতুল বলেন, “স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে এবার অবাধ ও স্বচ্ছ হবে। এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। আমরা চেষ্টা করবো স্থানীয় সরকারের কার্যক্রম শতভাগ সক্রিয় করতে। যোগ্য, ভালো ও শিক্ষিত—যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকারকে পুনরুজ্জীবিত করতে পারবেন, এমন মানুষ দিয়েই যেন স্থানীয় সরকার নির্বাচন হয়।”
বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের সরকার—এটা দেশের জনগণ জানে, বিশ্বাস করে এবং আস্থা অর্জন করতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি।”
দেশের বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “অনেক কিছু আছে, যা জনগণের চাহিদার মধ্যে রয়েছে, কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি। এর মধ্যে অন্যতম গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা ও তেলের সমস্যা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এসব সমস্যার মধ্যে রয়েছে। এই তিনটি সেক্টরে আমাদের পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়।”
তিনি বলেন, “বর্তমান সরকার এসব সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়। সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকুতে আমাদের সবারই কষ্ট হচ্ছে।”
দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পুতুল বলেন, “এই কষ্টের জন্য বর্তমান সরকার, এমনকি স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমরা যখন যেখানে যাই, দেশের সব মানুষের কাছে দুঃখ প্রকাশ করি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। সবকিছু ঠিক করে সুন্দর দেশ গঠনের জন্য আমরা সবার সহযোগিতা চাই।”
নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পিপি রুহুল আমিন তালুকদার টগর, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ ও জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামসহ অনেকে।
