নাটোর প্রতিনিধি :
নাটোরে জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি দাবি করেন, ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের জন্য ভাতা চালু, খাল খনন কার্যক্রম শুরুসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা সার, বীজ, কৃষি উপকরণ, প্রণোদনা ও ঋণ সুবিধা পাবেন। নাটোরের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া এবং বেকারত্ব দূরীকরণে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
দুলু বলেন, “দখলবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে কোনো স্থান নেই; তাদের জায়গা কারাগারে।”
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
