জ্বালানি সংকটে বাগাতিপাড়া, পাম্প না থাকায় চরম ভোগান্তি”

মোঃ হুমায়ুন কবির:

সারাদেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলাতেও। তবে এখানে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে, কারণ উপজেলাটিতে কোনো জ্বালানি তেল পাম্প নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কয়েকটি দোকানে খুচরা তেল বিক্রি হলেও সাম্প্রতিক সময়ে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেগুলোও কার্যত অচল হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকসহ সাধারণ মানুষ।

উপজেলার বিহারকোল বাজারের যমুনা তেলের ডিস্ট্রিবিউটর মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী ফজলু মন্ডল ও তমালতলা বাজার এলাকার মেঘনা তেলের ডিস্ট্রিবিউটর মেসার্স ভাই ভাই অয়েল সেন্টারের স্বত্বাধিকারী মোঃমনিরুল ইসলাম সান্ত জানান, গত মাসের ৩০ তারিখ থেকে তারা কোনো তেল পাননি। বাঘাবাড়ি ডিপো থেকে সরবরাহ পাওয়ার কথা থাকলেও একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। ফলে তার ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তেলের জন্য তাদের জেলা শহর নাটোরে যেতে হচ্ছে। এতে যাতায়াতেই অতিরিক্ত তেল খরচ হচ্ছে। অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না।

পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “যে টুকু তেল পাই আনতে গিয়ে সেই তেল শেষ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হয়।”

আরেক বাসিন্দা বলেন, পাশের উপজেলাগুলোতে তেল পাম্প থাকায় তাদের ভোগান্তি তুলনামূলক কম। কিন্তু বাগাতিপাড়ায় পাম্প না থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দীন সাংবাদিকদের বলেন , “এর আগে যারা তেল বিক্রির জন্য যোগাযোগ করেছিলেন, তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। বর্তমানে সরবরাহ কেন বন্ধ, তা জানা নেই। তবে সংশ্লিষ্টরা যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জ্বালানি সংকটের কারণে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে পরিবহন খাতে এর প্রভাব বেশি পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি উপজেলায় একটি স্থায়ী জ্বালানি তেল পাম্প স্থাপন করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *