নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা আবুল কালাম আজাদ (৪৯) নিহত এবং ছেলে কাউসার মাহমুদ (২৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় কদমতলা মোড়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত আবু কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামজা ও রহিম এর সঙ্গে আবুল কালাম আজাদের ছেলে কাউছার মাহমুদের বাগবিতÐার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছার মাহমুদের ওপর হামলা চালায়। এসময় তাদের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে কাউছার মাহমুদ গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী শহরে পৌছার পর বাবার মৃত্যু হয়। আর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদি হয়ে মঙ্গলবার নাটোর সদর থানায় হাফিজ উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে আরো ৩-৪ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারনামীয় আসামী হামিদা বেগম ও আব্দুল হাইকে গ্রেফতার করেছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
নাটোরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় বাবা নিহত ছেলে আহত
