মাদক প্রতিরোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে-মাহতাব উদ্দিন
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া সদর ইউনিয়নের কাঁকফো বাজারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক প্রতিরোধ, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা। সভা পরিচালনা করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. রমজান আলী ফাকন।
সভায় বাগাতিপড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন বলেন, মাদক যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। তাই সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও যাতে মাদক বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। এ জন্য ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।
সভায় আরও বক্তব্য দেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী আইভি আক্তার, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. আব্দুল বারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিখ আজিজ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি তারিকুল ইসলাম তরু, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ছাত্রনেতা কেএম তারিকুজ্জামান সম্রাট এবং ওসমান গনি।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি রমজান আলী ফাকন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
