পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

শোকে স্তব্ধ ঈশ্বরপাড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নতুন খনন করা পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের মেয়ে আতিয়ারা (৯) ও ছেলে আবু বক্কর (৬)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির অদূরে নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে ছোট ছোট হাঁড়ি-পাতিল বানিয়ে খেলছিল দুই ভাই-বোন। খেলার একপর্যায়ে কাদা সংগ্রহ করতে গিয়ে ছোট ভাই আবু বক্কর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় বোন আতিয়ারাও পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা পুকুরে নেমে দুজনকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুই ভাই-বোনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। যে পুকুরের পাড়ে কিছুক্ষণ আগেও দুই শিশুর খেলায় মুখর ছিল পরিবেশ, সেখানেই পরে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। সন্তান হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন তাদের মা-বাবা ও স্বজনরা।

মুহূর্তের মধ্যে একটি পরিবারের আনন্দ-উচ্ছ্বাস পরিণত হয় গভীর শোক ও আহাজারিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *