ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বাগাতিপাড়া, নাটোর থেকে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড কর্মসূচির ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে আবেদনকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয়েছে।
নির্ধারিত সময় অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর সকাল ৯টায় বাগাতিপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনকারীদের।
পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি আনতে বলা হয়েছে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে। কম্পিউটার বা ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতার সনদের মূল কপিও সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট আবেদনকারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির পক্ষে প্রকাশ করা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
সরকারি এ কর্মসূচির তথ্য সংগ্রহ ও মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের অংশ হিসেবেই এ পরীক্ষা নেওয়া হচ্ছে।
