তমালতলা–পকেটখালি সড়কে কার্পেটিং কাজ চলমান

Bagatipara: Carpeting work on Tamaltala-Paketkhali road

বদলে যাচ্ছে জনজীবনের চিত্র

তৌফিকুল ইসলাম পল্লব  (নাটোর) বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তমালতলা থেকে পকেটখালি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং কাজ পুরোদমে এগিয়ে চলছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সড়কটি এখন নতুনভাবে গড়ে উঠছে, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

জানা যায়, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত, ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ত। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটির কার্পেটিং কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে।

বর্তমানে চলমান এই উন্নয়ন কাজ পরিদর্শন করছেন নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন। তিনি কাজের গুণগত মান ও অগ্রগতি নিয়মিত তদারকি করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং সড়কটি দীর্ঘদিন টেকসই থাকবে।

বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হায়দার রশিদ সোনা বলেন, ‘এই সড়ক শুধু একটি যোগাযোগ পথ নয়; এটি এলাকার অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন এই পথে চলাচলকারী মানুষের জন্য এটি সময় সাশ্রয়, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে।’

স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানী বলেন, দীর্ঘদিন পর রাস্তাটি সম্পন্ন হওয়ায় আমরা খুশি এবং কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ার‌ম্যান হাফিজুর রহমান বলেন, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এমন আরও সড়ক সংস্কার প্রকল্প বাস্তবায়িত হবে, যা গ্রামাঞ্চলকে আরও সংযুক্ত ও গতিশীল করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *